রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ‘সচেতন গ্রাহক ফোরাম’ ইসলামী ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। এ সময় সেখানে আগে থেকেই ‘ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী’ ব্যানারে অবস্থান নেওয়া অপর পক্ষের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
সচেতন গ্রাহক ফোরাম জানায়, পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকে এস আলমের ‘অশুভ হস্তক্ষেপের’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলেরও আয়োজন করা হয়।
ফোরামের অভিযোগ, কর্মসূচি শুরু হওয়ার পর আগে থেকে অবস্থান নেওয়া অবৈধ নিয়োগে চাকরিচ্যুত এস আলমের সহযোগীরা ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের ওপর হামলা চালায়। এতে তাদের কয়েকজন আহত হন।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নূর নবী মানিক এক বিবৃতিতে দাবি করেন, তাদের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে।
তিনি সাংবাদিকদের সামনে হামলার ছবি ও ভিডিও ফুটেজ তুলে ধরে অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন