দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় একই মঞ্চে গান গাইতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল জেমস এবং পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ড। গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে তাদের ঢাকায় আসার কথা থাকলেও অনুমতি ও নিরাপত্তাজনিত জটিলতায় শেষ মুহূর্তে সেসব আয়োজন বাতিল হয়েছিল।
আয়োজকেরা জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর ৩০০ ফুটসংলগ্ন পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। মূল অনুষ্ঠান শুরু হবে বেলা ২টায়। চলতি সপ্তাহ থেকেই টিকিফাইয়ের ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।
জেমস, আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের পাশাপাশি বাংলাদেশের লেভেল ফাইভ ও নেমেসিসকেও অনুষ্ঠানে রাখার বিষয়ে আলোচনা চলছে। লাইনআপ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে তা জানাবেন আয়োজকেরা।
এর আগে গত বছর আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের পৃথক কনসার্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে অনুমতি ও নিরাপত্তাসংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত তিনটি আয়োজনই বাতিল হয়।
জুনুন ব্যান্ডের সঙ্গে এর আগে দুবার বাংলাদেশে গান গেয়েছেন আলী আজমত। তবে একক শিল্পী হিসেবে এবারই প্রথম ঢাকায় কনসার্ট করার কথা রয়েছে তার। গত বছরের মে ও নভেম্বরে তার কনসার্ট হওয়ার কথা থাকলেও দুটিই বাতিল হয়। নভেম্বরের আয়োজনের জন্য তিনি ঢাকায় এসেও শেষ পর্যন্ত কনসার্ট না করে ফিরে যান।
মুস্তাফা জাহিদের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। গত বছরের এপ্রিলে ঢাকায় এসে কনসার্ট না করেই ফিরে যেতে হয় তাকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
জাল ব্যান্ডের কনসার্টও গত বছরের ৮ নভেম্বর স্থগিত করা হয়। ঢাকার ৩০০ ফুট এলাকার স্বদেশ অ্যারেনায় অনুষ্ঠানের এক দিন আগে নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্টটি স্থগিত করা হয়েছিল।
এর আগের বাংলাদেশ সফরেও জাল ব্যান্ডকে নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টে অংশ নিতে ঢাকায় এসে প্রথম দিন বৃষ্টির কারণে অনুষ্ঠান স্থগিত হয়। পরদিন যমুনা ফিউচার পার্কে কনসার্ট শুরু হলেও দর্শকদের একাংশের বিশৃঙ্খলার কারণে মাঝপথে তা বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে প্রায় দেড় ঘণ্টা পর আবার অনুষ্ঠান শুরু হয়।
অন্যদিকে, প্রায় দুই মাসের ইউরোপ সফর শেষে ১২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে কনসার্ট করেছেন জেমস। আগামী ১৯ সেপ্টেম্বর মেলবোর্নেও তার কনসার্ট করার কথা রয়েছে।
দীর্ঘ অপেক্ষার পর এবার আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডকে জেমসের সঙ্গে একই মঞ্চে দেখার সুযোগ তৈরি হওয়ায় কনসার্টটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন