হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে যৌথ নৌপথ চালুর বিষয়ে আগামী সোমবার ওমানের রাজধানী মাসকাটে একটি চুক্তি সই হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ বিষয়ে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনকেও অবহিত করা হবে বলে জানান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, সোমবার মাসকাটে আরব ও উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন। ওই বৈঠকে হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের যৌথ নৌপথ প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
তিনি আরও জানান, যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে, সেসব দেশও বৈঠকে অংশ নেবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও ইরানের ওপর অর্থনৈতিক চাপের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, সামরিকভাবে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক চাপ প্রয়োগের পথ বেছে নিয়েছে। তবে এসব চাপের মুখেও ইরান তাদের অবস্থান থেকে সরে আসবে না বলে মন্তব্য করেন তিনি।
ইরানের ওপর সম্ভাব্য মার্কিন নৌ অবরোধের বিষয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, দেশের টিকে থাকা পুরোপুরি সমুদ্রপথের ওপর নির্ভরশীল নয়। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র অবরোধ ও হামলা বন্ধ করলে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করবে।
এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সোমবার ওমান আটটি উপসাগরীয় দেশকে নিয়ে একটি আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করছে।
ওই বৈঠকে আঞ্চলিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ নৌপথ নির্ধারণে ইরান ও ওমানের আলোচনার ফলাফল নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন