ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে মরিয়া বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হতে পারে।
রোববার (১৩ সেপ্টেম্বর) আইরিশ ওপেন গলফ টুর্নামেন্ট চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান বারবার যোগাযোগ করছে এবং একটি চুক্তিতে পৌঁছাতে চাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র কেবল ‘সঠিক চুক্তি’ হলেই তা গ্রহণ করবে বলে জানান তিনি।
ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে চায়। কিন্তু চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য হতে হবে। সঠিক চুক্তি না হলে তিনি তা মেনে নেবেন না।
যুক্তরাষ্ট্রে পেট্রোল বা জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৬ ডলারের বেশি বেড়ে যাওয়ার প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। কয়েক দিন আগে তিনি বলেছিলেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর জ্বালানি তেলের দাম দ্রুত কমে যাবে।
রোববার তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের পরপরই, এমনকি তারও আগে শেষ হতে পারে। তবে নির্বাচনের ঠিক পরেই যুদ্ধ শেষ হবে বলে তিনি নিশ্চিত বলে মন্তব্য করেন। একই সঙ্গে ডিজেলের দামও দ্রুত কমে যাবে বলে পূর্বাভাস দেন মার্কিন প্রেসিডেন্ট।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের অংশগ্রহণের বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন নন এবং এটি সংশ্লিষ্ট দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপার।
ইরান জানিয়েছে, ওমানে অনুষ্ঠেয় বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন রুট নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আবারও বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের শর্ত রয়েছে। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইসলামাবাদ সমঝোতা স্মারকে দেওয়া প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন