পিএসসির প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর মামলার সর্বশেষ সাক্ষী ও বাদী দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেনের জবানবন্দি গ্রহণ করেন। পরে সিয়ামের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম তাকে জেরা করেন।
মামলায় ১১ জন সাক্ষীর সবাই সাক্ষ্য দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম। আগামী ২৪ সেপ্টেম্বর সিয়ামের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করা হয়েছে।
এদিন শুনানির সময় সিয়ামকে আদালতে হাজির করা হয়। তার জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী রেজাউল করিম। অন্যদিকে দুদকের পক্ষে কৌঁসুলি দেলোয়ার জাহান রুমী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন।
এর আগে গত ১৭ জুন একই আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর আদেশ দেন।
দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন গত বছরের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
তদন্ত শেষে গত বছরের ৩০ ডিসেম্বর সিয়ামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন জাকির হোসেন। তদন্তে সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার
২০২৪ সালের জুলাইয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, প্রায় এক যুগ ধরে একটি চক্র পিএসসির অধীনে বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত।
ওই প্রতিবেদনে চক্রটির ছয় সদস্যের ছবি প্রকাশের পর পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার পরিবারের বিলাসবহুল জীবনযাপনের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর চক্রটির সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালায় সিআইডি। আবেদ আলী, তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামসহ মোট ১৭ জনকে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
পরে আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সিয়ামের বিরুদ্ধে তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন