দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২ জনে। একই সময়ে নতুন করে ৯৬৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৯২২ জন এবং হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯০৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৯ জনের।
এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন