ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসতে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় ও সজাগভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আর গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকেও শক্তিশালী করা প্রয়োজন।
স্থানীয় সরকারকে গণতন্ত্রের অন্যতম বড় শক্তি উল্লেখ করে তিনি জেলা পরিষদের প্রশাসকদের উদ্দেশে বলেন, ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসতে সক্রিয় ও সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় জেলা পরিষদের প্রশাসকরা পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তাদের আশ্বস্ত করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
ক্ষমতার বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার গুরুত্বসহকারে কাজ করছে বলেও জানান রাষ্ট্রপতি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
রাষ্ট্রপতি জেলা পরিষদগুলোর উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন