বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার কন্যার নিয়োগই ছিল দুঃখজনক। তার দাবি, এত উচ্চপর্যায়ের পদে নিয়োগ পাওয়ার মতো সায়মা ওয়াজেদের গ্রহণযোগ্য যোগ্যতা, অভিজ্ঞতা বা দক্ষতা ছিল না।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির অভিযোগ করেন, সায়মা ওয়াজেদ তার যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে তিনি ‘প্রতারক সরকার’ হিসেবে দেখেন এবং এমন সরকারের আমলে এ ধরনের নিয়োগ হওয়া অস্বাভাবিক নয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সায়মা ওয়াজেদের নিয়োগ প্রক্রিয়াই ত্রুটিপূর্ণ ছিল। তার ভাষ্য, রাজনৈতিক ও পারিবারিক প্রভাবের কারণে তিনি ওই পদে নিয়োগ পেয়েছিলেন।
আন্তর্জাতিক সংস্থাগুলোর নিয়োগ প্রক্রিয়া আরও কঠোর করার আহ্বান জানিয়ে হুমায়ুন কবির বলেন, শুধু পারিবারিক পরিচয়ের কারণে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাউকে নিয়োগ দেওয়া উচিত নয়। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, কোভিড-১৯ মহামারির মতো পরিস্থিতিতে সংস্থাটির নেতৃত্বে এমন ব্যক্তিদের প্রয়োজন, যাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে।
তিনি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত বা অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলে তা সংশ্লিষ্ট অঞ্চলসহ পুরো বিশ্বের জন্য নেতিবাচক ফল বয়ে আনতে পারে। তাই আন্তর্জাতিক সংস্থাগুলোর নিয়োগ প্রক্রিয়ায় আরও সতর্কতা ও কঠোরতা প্রয়োজন।
হুমায়ুন কবির জানান, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদে মালদ্বীপের একজন প্রার্থীকে বাংলাদেশ সমর্থন করছে। তার ভাষ্য, প্রার্থীটির ভালো যোগ্যতা রয়েছে এবং আশা করা হচ্ছে, শিগগিরই পদটি যোগ্য ব্যক্তির হাতে যাবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন