দেশে যেমন অপশক্তি রয়েছে, তেমনি শুভ শক্তিও রয়েছে। একইভাবে দেশের বাইরেও অপশক্তি ও শুভ শক্তি রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা ও দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বাইরেও অপকর্ম করে পার পাওয়া যাবে না।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন, এ ঘটনায় সরকারের পক্ষ থেকে কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি নিজেও বাঁধনের সঙ্গে কথা বলেছেন এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ন্যায়বিচার হবে বলে আশ্বাস দেন।
দেশে ও দেশের বাইরে শিল্পীদের সঙ্গে হেনস্তার ঘটনায় সরকার কখনো দায় এড়াতে চায়নি বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভা ও দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় বিভিন্ন অপরাধ নির্মূলে গুরুত্বারোপ করেন সংস্কৃতিমন্ত্রী। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের বিভিন্ন অনিয়ম রোধে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।
সভায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার রুহুল কবীর খান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন