বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
শনিবার (১২ সেপ্টেম্বর) পরিদর্শনে গিয়ে হাসপাতালের জীর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে চিকিৎসাসেবা চলতে দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত সেবা কার্যক্রম নিরাপদ ভবনে স্থানান্তরের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত রোগী আসায় চিকিৎসাসেবা দিতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। স্থান সংকটের কারণে ঝুঁকিপূর্ণ ভবনেও চিকিৎসাসেবা চালানো হচ্ছিল।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী উপজেলা প্রকৌশলী সুকদেব কুমারকে ডেকে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। দ্রুত সময়ের মধ্যে পরিত্যক্ত ভবন থেকে সেবা কার্যক্রম নিরাপদ স্থানে স্থানান্তরের বিষয়ে পর্যালোচনা করতেও বলেন তিনি।
হিজলাবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন রাজীব আহসান।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অনিক বিশ্বাস, ইউএনও মোহাম্মদ ইলিয়াস শিকদার, হিজলা থানার ওসি মো. সোলাইমান, উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট দেওয়ান মনির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন