ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’ টিমের কার্যক্রম নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী।
জাতীয় প্রেস ক্লাবের সামনে গণস্বাস্থ্য হোমিও পরিবারের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ দাবি জানান। সমাবেশে মিঠুন চৌধুরী বলেন, “যারা এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা ছড়ায়, তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করতে হবে।”
তিনি আরও বলেন, “অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য রাজপথে সবসময় ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। অন্যায়, অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।”
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণস্বাস্থ্য হোমিও ও ডা. এস এম সরওয়ারকে নিয়ে সংবাদ প্রকাশের কথা বলে ‘তালাশ’ টিমের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। তাদের দাবি পূরণ না করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও অসত্য তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তথ্য-প্রমাণ যাচাই করে এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করা উচিত। একই সঙ্গে চাঁদাবাজি, হয়রানি বা মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ সত্য হলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মিঠুন চৌধুরী বলেন, “গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। গণমাধ্যমের স্বাধীনতা যেমন নিশ্চিত করা প্রয়োজন, তেমনি সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যতা, নিরপেক্ষতা ও জবাবদিহিও নিশ্চিত করা জরুরি।”
সমাবেশ থেকে ‘তালাশ’ টিমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত, প্রকাশিত প্রতিবেদনগুলোর সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে গণস্বাস্থ্য হোমিও পরিবারের সদস্য, বাংলাদেশ জনতা পার্টির নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন