ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আসাদুজ্জামান (৩৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।
শনিবার (১২ সেপ্টেম্বর) পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে বাংলাদেশি চোরাকারবারিদের একটি দলের ওপর ৬৩/চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালায়। এতে আসাদুজ্জামান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ সময় আরও দুজনকে আটক করে বিএসএফ।
পরে গুলিবিদ্ধ আসাদুজ্জামানকে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আসাদুজ্জামান পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে।
আটক দুজন হলেন—মো. মোস্তাকিম (২৯), উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে এবং শ্রী উদা (৩৬), ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে।
বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী জানান, বিএসএফের গুলিতে নিহত আসাদুজ্জামান তার এলাকার বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। পরে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি বিজিবিকে জানানো হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের সিইও আব্দুল্লাহ আল মঈনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন