ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক হামলার পর সৌদি আরবের প্রতি সংহতি জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে নিজেদের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে বলে জানিয়েছে দেশটি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনে আলাপকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড যুক্তরাজ্যের এই অবস্থান তুলে ধরেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ফোনালাপে সৌদি আরবের প্রতি যুক্তরাজ্যের ‘সংহতি’ প্রকাশ করেন মিলিব্যান্ড। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের আওতায় সৌদি আরবের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনায় জলপথের নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যৌথ প্রচেষ্টা আরও জোরদারে একমত হন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া চলমান সংকটের প্রভাব থেকে বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহব্যবস্থা সুরক্ষার বিষয়েও আলোচনা করেন তারা। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে নিরাপত্তা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ও বৈশ্বিক সরবরাহব্যবস্থায় যাতে বড় ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়েও গুরুত্বারোপ করেন দুই মন্ত্রী।
সম্প্রতি ইয়েমেনের হুতিরা সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলার পর সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক নৌ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই সৌদি আরবের প্রতি যুক্তরাজ্যের প্রকাশ্য সমর্থনের ঘোষণা এলো।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন