এশিয়ান ক্রিকেটে দ্রুত উন্নতি করছে নেপাল। এবার বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) প্রস্তাবটিকে ইতিবাচকভাবে দেখছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস।
তিনি বলেন, নেপাল ক্রিকেট বোর্ড বেশ কিছুদিন আগেই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে। বিসিবি বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছে। বর্তমানে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।
সিরিজ আয়োজনের সম্ভাবনা নিয়ে শাহরিয়ার নাফীস বলেন, বাংলাদেশের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) ২০২৭ সাল পর্যন্ত বেশ ব্যস্ত। এরপরও বর্তমান এফটিপি চক্রের মধ্যেই সুবিধাজনক সময় বের করে সিরিজটি আয়োজনের চেষ্টা চলছে। সবকিছু অনুকূলে থাকলে সিরিজটি মাঠে গড়াতে পারে।
কবে নাগাদ সিরিজটি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান এফটিপি সাইকেল ২০২৭ সাল পর্যন্ত। এর মধ্যেই সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে। নেপাল ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও এ বিষয়ে অনুরোধ রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত নির্দিষ্ট সময় জানানো সম্ভব নয়।
বাংলাদেশ ও নেপাল এখন পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তবে দুটিই ছিল বৈশ্বিক টুর্নামেন্টে; দ্বিপাক্ষিক সিরিজে এখনো দুই দল একে অপরের বিপক্ষে খেলেনি।
এদিকে নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যার প্রেক্ষাপটে সিরিজ আয়োজনের প্রস্তাব এসেছে কি না—এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার নাফীস বলেন, ক্রিকেট বোর্ড পর্যায়ের আলোচনায় বন্যা বা দুর্যোগের বিষয়টি আসেনি। ক্রীড়া মন্ত্রণালয় বা সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে কোনো যোগাযোগ হয়ে থাকলে সে সম্পর্কে তিনি ব্যক্তিগতভাবে অবগত নন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন