রাজধানীর জাতীয় ঈদগাহের পাশ থেকে দুই অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজনের বয়স আনুমানিক ৬৫ বছর এবং অন্যজনের বয়স প্রায় ৪৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সুপ্রিম কোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহের পাশে মরদেহ দুটি পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, একটি মরদেহ শিক্ষাভবনের বিপরীত পাশে সুপ্রিম কোর্টের পানির পাম্পের কাছে পড়ে ছিল। অপর মরদেহটি জাতীয় ঈদগাহের প্রধান ফটকের উত্তর পাশে বটগাছের নিচে ফুটপাতের ওপর পড়ে ছিল। ওই স্থানটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিপরীতে।
পথচারীদের কাছ থেকে খবর পেয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) তৌফিক হাসান ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন