ইরানের সঙ্গে শলামচেহ সীমান্ত পারাপার কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরাক। সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সীমান্তটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুটি নিরাপত্তা সূত্র।
শনিবার (১২ সেপ্টেম্বর) সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্রগুলো জানায়, সৌদি আরবে হামলার জন্য দায়ীদের শনাক্ত করতে ইরাকে বড় ধরনের অভিযান চলছে। এর মধ্যেই ইরান সীমান্তের গুরুত্বপূর্ণ শলামচেহ পারাপার কেন্দ্র বন্ধ করে দেয় বাগদাদ।
এর আগে শুক্রবার সৌদি আরব জানিয়েছিল, ইরাক থেকে উৎক্ষেপিত ড্রোন দিয়ে দেশটির গুরুত্বপূর্ণ ‘পূর্ব-পশ্চিম পাইপলাইনে’ হামলা চালানো হয়েছে। হামলার পর সাময়িকভাবে পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়।
হরমুজ প্রণালির মাধ্যমে তেল পরিবহনের ওপর চাপ কমাতে সৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন সময়ে পাইপলাইনটি বন্ধ হয়ে যাওয়ায় উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থার ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা থমকে থাকার মধ্যে ইরাক-ইরান সীমান্তের গুরুত্বপূর্ণ এই পারাপার কেন্দ্র বন্ধের ঘটনায় আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন