ভারতে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে রোববার পর্যন্ত। সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশে বেইজিং ছেড়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রায় সাত বছর পর ভারত সফরে যাচ্ছেন শি জিনপিং। মোদির আমন্ত্রণে ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার তিনি বেইজিং ছাড়েন। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের পর এটিই তার প্রথম ভারত সফর।
গালওয়ান সংঘর্ষের পর কয়েক মাস দুই দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল। পরে সম্পর্কের কিছুটা উন্নতি হয়। এর ধারাবাহিকতায় কাজান ও তিয়ানজিনে মোদির সঙ্গে বৈঠক করেন শি।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি জিনপিংয়ের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক সাই চি এবং পলিটব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রয়েছেন।
মোদি-শি বৈঠক বিকেলে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে হওয়ার কথা রয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেন, কাজান ও তিয়ানজিনে বৈঠকের পর টানা তৃতীয় বছর দুই নেতা সরাসরি সাক্ষাৎ করতে যাচ্ছেন।
এদিকে ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফেইহং বলেছেন, নরেন্দ্র মোদি ও শি জিনপিংয়ের নেতৃত্বে ভারত ও চীন পারস্পরিক মতপার্থক্য যথাযথভাবে মোকাবিলা করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন