শুরুতেই চাপে পড়েছিল শ্রীলঙ্কা। মাত্র ৫ রানে ২ উইকেট হারানোর পর ৩৩ রানেই দলটির ৪ উইকেট পড়ে যায়। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের দেওয়া ১৩১ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই ৪ উইকেটে পেরিয়ে গেছে লঙ্কান মেয়েরা। এই জয়ে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান ও শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক ফাতিমা সানা।
মাত্র ৫ রানের মাথায় ফর্মে থাকা ওপেনার মুনিবা আলিকে হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। এরপর শাওয়াল জুলফিকার ২৪ ও গুল ফিরোজা ২১ রান করে আউট হলে চাপ আরও বাড়ে। আয়েশা জাফর ৭ ও সাদাফ শামাস ৮ রান করে ফিরলে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়।
তবে ছয় নম্বরে নেমে দলের হাল ধরেন ফাতিমা। ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৭ রান করেন তিনি। তার সঙ্গে তুবা হাসান ১২ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু ও চামুদি প্রবোধা ২টি করে উইকেট নেন।
১৩১ রানের লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কার শুরুটাও ভালো হয়নি। মাত্র ৫ রানের মধ্যে অধিনায়ক চামারি আতাপাত্তু ও সঞ্জনা কাভিন্দি ফিরে যান। এরপর হাসিনি পেরেরা ৩ ও ইমেশা দুলানি ২৪ রান করে আউট হলে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৩৩ রান।
সেখান থেকে দলকে ঘুরে দাঁড় করান হারশিতা সামারাবিক্রমা ও কাভিশা দিলহারি। দুজনের ৬৭ রানের জুটি শ্রীলঙ্কাকে জয়ের পথে নিয়ে যায়। সামারাবিক্রমা ৩৬ ও দিলহারি ৩৩ রান করেন।
শেষ দিকে নিলাশিকা সিলভা ১০ বলে ১৮ এবং কৌশানি নুথায়ানগানা ৪ বলে ১০ রানের কার্যকর ইনিংস খেললে ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৪ উইকেটের জয়ে টানা তৃতীয়বারের মতো নারী এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অধিনায়ক ফাতিমা সানা। তবে দলের হারে আরেকটি ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা শেষ হয়ে যায়।
আগামীকাল রোববার রাত সাড়ে ৮টায় দুবাইয়ে নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। নারী এশিয়া কাপে ভারত সর্বোচ্চ ৭ বার এবং শ্রীলঙ্কা ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের মেয়েরা একবার শিরোপা জিতেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন