রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে গত প্রায় সাড়ে চার বছরে রুশ শিবিরে অন্তত ৫ লাখ মানুষের প্রাণহানি হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয় শ্রেণির মানুষ রয়েছেন। এ ছাড়া যুদ্ধে আহত হয়েছেন আরও প্রায় ১৫ লাখ মানুষ।
শুক্রবার যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থার প্রস্তুত করা এক প্রতিবেদনের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন দেশটির সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন।
সংবাদমাধ্যমের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় নাইটন বলেন, হতাহতদের অধিকাংশই রুশ সামরিক বাহিনীর সদস্য। প্রাণহানির বড় অংশই ঘটেছে ২০২৩ সালের জানুয়ারির পর থেকে।
যুক্তরাজ্যের এই শীর্ষ সামরিক কর্মকর্তা আরও বলেন, এত বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির বিনিময়ে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র ২ শতাংশ দখল করতে পেরেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধনীতির সমালোচনা করে রিচ নাইটন বলেন, একটি অন্যায্য লক্ষ্য অর্জনের জন্য কীভাবে মানুষের জীবন অর্থহীনভাবে অপচয় হচ্ছে, এই পরিসংখ্যান তারই চিত্র তুলে ধরে।
তিনি বলেন, এই সংখ্যাগুলো থেকে বোঝা যায়, রাশিয়ার অন্তত পাঁচ লাখ পরিবার তাদের বাবা, ভাই, ছেলে কিংবা স্বামীকে হারিয়েছে। এসব পরিবারের ঘরে এখন নিহত সেনাদের ছবি ঝুলছে এবং তারা আর কখনোই তাদের স্বজনদের ফিরে পাবেন না।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন