সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে কয়েক দফা হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে রিয়াদ ও মদিনা অঞ্চলে হামলাগুলো চালানো হয়। এতে কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার পর পাইপলাইনটির নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ও বিশেষায়িত কারিগরি দল মোতায়েন করা হয়। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দলগুলো পাইপলাইনটির নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে।
মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির পরিবর্তন হলে এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতেও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলা চালানো হয়। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ইরান-সমর্থিত হুতিরা আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান এলাকায় বেসামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।
এসব হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরে যায়। এতে কিছু স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সৌদি আরবের ওপর এসব হামলার নিন্দা জানিয়েছে কোয়ালিশন টু সাপোর্ট লেজিটিমেসি ইন ইয়েমেন। জোটটির দাবি, হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন।
হামলার হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকারও করেছে জোটটি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন