চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৯ দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে দেশে ১০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৬৬১ কোটি টাকা।
প্রতি ডলার ১২২ টাকা ৮০ পয়সা হিসাবে এই অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১০১ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১ দশমিক ৩ শতাংশ।
অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৫ দশমিক ৮ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৬৮৫ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫৯১ কোটি ৮০ লাখ ডলার।
সে হিসাবে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৫ দশমিক ৮ শতাংশ।
খাতসংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং খাতে ডলারের বিনিময় হার তুলনামূলক স্থিতিশীল থাকা এবং বৈধ পথে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ বাড়ায় রেমিট্যান্স প্রবাহে এই গতি অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন