পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পূর্বনির্ধারিত দিনে কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন আগামী ১১ অক্টোবর ধার্য করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম।
২৮ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ
মামলার নথি সূত্রে জানা গেছে, এ মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
সর্বশেষ গত ১৬ জুলাই বস্ত্র অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি) মো. ফয়সাল কবির আদালতে সাক্ষ্য দেন।
দুদকের তদন্তে বেনজীর আহমেদের বিরুদ্ধে স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর ও রূপান্তরের (মানিলন্ডারিং) অভিযোগও রয়েছে।
অনুপস্থিতিতেই বিচার চলছে
২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলাটি করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
চলতি বছরের ৮ মার্চ আদালত অভিযোগপত্র আমলে নিয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে তিনি আদালতে হাজির না হওয়ায় গত ৩ মে তাঁর অনুপস্থিতিতেই অভিযোগ গঠন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে মামলার বিচারকাজ শুরু হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন