ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কঠিন সময়ে যারা তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন বাঁধন। একই সঙ্গে কঠিন পরিস্থিতিতে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘আল্লাহ আমার প্রতি অনেক কৃপা করেছেন। আলহামদুলিল্লাহ।’
ঘটনার পর বাংলাদেশ ও ইতালি সরকারের কাছ থেকে পাওয়া সহযোগিতার কথাও উল্লেখ করেন অভিনেত্রী। তিনি বলেন, দুই দেশের সরকার থেকে পাওয়া সমর্থন ও উৎসাহের জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ।
পুরো পরিস্থিতিতে যারা পাশে ছিলেন এবং তাকে সমর্থন করেছেন, তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানান বাঁধন।
ভক্ত ও দেশবাসীর ভালোবাসায় তিনি আবেগাপ্লুত হয়েছেন বলেও জানান অভিনেত্রী। মানুষের ইতিবাচক প্রতিক্রিয়ায় নিজেকে ধন্য ও অত্যন্ত কৃতজ্ঞ মনে করছেন তিনি। একই সঙ্গে সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন বাঁধন।
ভেনিসে হেনস্তার অভিযোগ
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন।
সোমবার রাতে ভাই ও তার পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে কয়েকজন দুষ্কৃতকারী তাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন অভিনেত্রী।
ঘটনার পর বাঁধনের পাশে দাঁড়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন। পাশাপাশি বাংলাদেশসহ বিভিন্ন দেশের অসংখ্য মানুষ ঘটনার প্রতিবাদ জানান এবং অভিনেত্রীর প্রতি সমর্থন প্রকাশ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন