চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে গণস্বাস্থ্য হোমিও পরিবার।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণস্বাস্থ্য হোমিও পরিবারের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে আয়োজকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান ডা. এস এম সারোয়ারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন আয়োজকরা।
এ বিষয়ে গণস্বাস্থ্য হোমিওর এর চেয়ারম্যান ডা. এস এম সারোয়ার বলেন, “ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে।” তিনি আরও বলেন, এ বিষয়ে তিনি ইতোমধ্যে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁর বক্তব্য তুলে ধরেছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সমাবেশে আয়োজকদের অভিযোগ অনুযায়ী, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি, রাশেদা পারভিন শিল্পীসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ অত্যন্ত গুরুতর। এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ‘তালাশ’ টিমের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তারা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সমাবেশে গণস্বাস্থ্য হোমিও পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি, রাশেদা পারভিন শিল্পী ও সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন