চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান ডনকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেন আদালত। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে বুধবার ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে আটক করে। পরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি। ওইদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন