লালমনিরহাটের পাটগ্রামে বিজিবির জব্দ করা অবৈধ ড্রেজার মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সরকারি কাজে বাধা ও বিজিবি সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির চার নেতাসহ ছয়জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে বিজিবি। পরে সেটি স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ রয়েছে, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিজিবি ক্যাম্পে প্রবেশ করে দায়িত্ব পালনরত সদস্যদের হুমকি দেন এবং জব্দ করা ড্রেজার মেশিনটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন—বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আবু সাঈদ ও মতিউর রহমানসহ আরও দুজন।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে পাটগ্রাম থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল রহমান বলেন, বিজিবি মামলা দায়ের করে আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন