সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে পাশের আরও দুটি ভবনের গ্যাসলাইনেও আগুন লাগার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর আল-মাহমুদ সড়কে মন্ত্রীর বাসভবনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় কয়েক দফা বজ্রপাতের পর মন্ত্রীর বাসভবনের প্রধান ফটকের ডান পাশের দেয়ালঘেঁষা প্রায় ১০ ফুট ভেতরে থাকা গ্যাসলাইনের রাইজারে আগুন ধরে যায়।
বাসভবনের নিরাপত্তাপ্রহরী শফিকুল ইসলাম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জ্বালানিমন্ত্রীর সহকারী একান্ত সচিব আবু হেনা মোস্তফা নোমান বলেন, বজ্রপাতের পর হঠাৎ গ্যাসলাইনে আগুন ধরে গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান বলেন, মন্ত্রীর বাসভবনসহ হোসেনপুর বাগানবাড়ি এলাকার আরও দুটি ভবনে বজ্রপাতের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন