লক্ষ্মীপুরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক লাগানো ৩৫৫ কেজি নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নিপন চন্দ্র দাসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা নকল ঘি পরে বিনষ্ট করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পৌর শহরের মাদাম সংলগ্ন উত্তর মজুপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উত্তর মজুপুর এলাকায় ‘প্রত্যয় ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ঘি বাজারজাত করা হচ্ছিল। অভিযানে প্রতিষ্ঠানটি থেকে ৩৫৫ কেজি নকল ঘি জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত নিপন চন্দ্র দাস সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার ইন্দ্র চন্দ্র দাসের ছেলে। তিনি উত্তর মজুপুর এলাকার প্রত্যয় ট্রেডার্সের স্বত্বাধিকারী।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী এবং লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, নিপন চন্দ্র দাস বাজারে নকল ঘি সরবরাহ করে আসছিলেন। অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া গেছে। জব্দ করা নকল ঘি বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন