ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিজীবনে তিনবার বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। আর এসব সম্পর্কের ভাঙন তাকে গভীর মানসিক যন্ত্রণার মধ্যে ফেলেছিল বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে অতিথি হয়ে নিজের জীবনের কঠিন সময়ের কথা শেয়ার করেন শ্রাবন্তী। তিনি জানান, একপর্যায়ে পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠেছিল যে আত্মহত্যার কথাও তার মনে হয়েছিল।
শ্রাবন্তী বলেন, ‘অনেক সময় মনে হয়েছে নিজেকে শেষ করে দিই। তারপর ভেবেছি, কেন শেষ করব? একটা ভুল পছন্দের কারণে?’
প্রথম বিয়ে ও বিচ্ছেদ
২০০৩ সালে অল্প বয়সেই পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। দীর্ঘ দাম্পত্যের পর ২০১৬ সালে তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে, নাম অভিমন্যু। মা-বাবার বিচ্ছেদের পর মায়ের কাছেই বেড়ে উঠেছেন তিনি।
দ্বিতীয় সংসারও টেকেনি
রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। ২০১৬ সালের জুলাইয়ে তাদের রেজিস্ট্রি বিয়ে হয়। তবে এক বছরের মধ্যেই সেই সম্পর্কেও টানাপোড়েন শুরু হয়। ২০১৭ সালের শেষ দিকে বিবাহবিচ্ছেদের কথা জানান অভিনেত্রী।
তৃতীয় বিয়েরও পরিণতি বিচ্ছেদ
এরপর ২০১৯ সালের ১৯ এপ্রিল অনেকটা গোপনে প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। ভালোবেসে তৃতীয়বার সংসার শুরু করলেও সেটিও স্থায়ী হয়নি। বিয়ের এক বছরের মধ্যেই তাদের সম্পর্কে ভাঙনের শুরু হয়। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
শেষ পর্যন্ত শ্রাবন্তীর তৃতীয় সংসারও ভেঙে যায়। একাধিক সম্পর্কের ব্যর্থতা ও মানসিক যন্ত্রণার সেই অভিজ্ঞতাই এবার প্রকাশ্যে তুলে ধরেছেন অভিনেত্রী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন