ট্রেনের টিকিট কালোবাজারি ও অবৈধভাবে টিকিট কেনাবেচার অভিযোগে সিলেটে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সিলেট সার্কিট হাউসে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
জেলা প্রশাসক জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রশাসনের নজরদারি বাড়ানো হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আরএনবির দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার আবু তাহের ও দিরাই উপজেলার সঞ্জয় দাস। তারা দুজনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল আলম জানান, রেলওয়ের টিকিট কালোবাজারি ও অবৈধভাবে টিকিট কেনাবেচা বন্ধে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে তারা অনলাইনে অবৈধভাবে ট্রেনের টিকিট সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে কালোবাজারে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
অভিযানে আটক দুজনের কাছ থেকে ট্রেনের টিকিট, টিকিট সংগ্রহ ও বিক্রিতে ব্যবহৃত মোবাইল ফোন, ভয়েস মেসেজসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টিকিট কালোবাজারি ও অবৈধভাবে টিকিট কেনাবেচার অভিযোগে আরএনবির দুই সদস্যকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের রেলওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন