ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন আগামী ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক আইনজীবীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালত রুলে গত ২৬ জুলাই ইসমাইল জবিউল্লাহকে সভাপতি করে গঠিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন।
রিটে শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি এবং অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ।
রিটকারীর বক্তব্য
আদেশের পর আইনজীবী ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এবং মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির পরপর একাধিকবার সভাপতি হয়েছেন।
রিটকারী আইনজীবীর দাবি, প্রচলিত বিধান অনুযায়ী একই ব্যক্তি পরপর দুইবারের বেশি এডহক কমিটির সভাপতি বা সদস্য থাকতে পারেন না। অথচ ইসমাইল জবিউল্লাহকে পরপর তৃতীয়বারের মতো এডহক কমিটির সভাপতি করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের গভর্নিং বডি-সংক্রান্ত বিধানে কোনো এডহক কমিটি নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ হলে ওই কমিটির সভাপতি ও সদস্যদের পরবর্তী কমিটিতে থাকার সুযোগ নেই। কিন্তু নির্বাচন না হওয়া সত্ত্বেও আগের কমিটির সভাপতি ও সদস্যদের নিয়েই নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি চ্যালেঞ্জ করে গত ১৩ আগস্ট হাইকোর্টে রিট করেন বলে জানান ইউনুছ আলী আকন্দ।
শুনানি শেষে আদালত বর্তমান এডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেন এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন