বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী বলেন, নারীদের ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ এবং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে তাদের সক্ষমতা তুলে ধরতে ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন।
তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দল দেশের বৃহত্তম ও শক্তিশালী নারী সংগঠনগুলোর একটি। সংগঠনটি অতীতে নারী ও শিশু নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থেকেছে।
সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা
দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার জনগণের দুঃখ-কষ্ট ও স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে।
আন্তর্জাতিক জ্বালানি সংকট ও পারস্য উপসাগরের অস্থিরতার মধ্যেও সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, মহেশখালীর গভীর সমুদ্র টার্মিনালের প্রযুক্তিগত ত্রুটি সারিয়ে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। পাশাপাশি সংকট মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে গ্যাস ও জ্বালানি আমদানির ব্যবস্থা করা হচ্ছে।
রিজভী আরও বলেন, সরকারের বাজার ব্যবস্থাপনার কারণে বর্ষা ও শরৎ মৌসুমেও খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে এবং আগস্টে মূল্যস্ফীতি কমেছে।
তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-পুরোহিতদের সম্মানী ভাতা, ২০ হাজার কিলোমিটার রাস্তা হালনাগাদ এবং মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর মতো বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ
নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে রিজভী বলেন, ফ্যামিলি কার্ডের মূল সুবিধাভোগী করা হয়েছে পরিবারের নারী অভিভাবককে।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের এইচএসসি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তা ডিগ্রি ও ডিগ্রি (অনার্স) পর্যন্ত অবৈতনিক ঘোষণা করেছেন বলে দাবি করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন