আসন্ন স্থানীয় নির্বাচনে পুলিশকে কোনো ধরনের বেআইনি বা অন্যায্য নির্দেশনা দেওয়া হবে না বলে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যেমন সাংবিধানিক দায়িত্ব রয়েছে, তেমনি পুলিশের ওপরও আইনি দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশকে কোনো ধরনের অন্যায্য বা বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। পেশাদারিত্ব বজায় রেখে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে পুলিশ পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময়কার পরিস্থিতির তুলনায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো অংশেই খারাপ নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্বাচন কমিশনের পূর্ণ আস্থা রয়েছে।
পুলিশের সহযোগিতার আশ্বাস আইজিপির
একই অনুষ্ঠানে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকির বলেন, গণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচন কমিশন যেভাবে পরামর্শ দেবে, সে অনুযায়ী নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে পুলিশ।
আইজিপি বলেন, গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে তারা সফল হয়েছেন এবং এ ক্ষেত্রে নিজেদের সাফল্যকে শতভাগ বলে দাবি করেন তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন