দেশের কৃষি ও কৃষিসংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত (গুচ্ছ) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ জানুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষা আয়োজন ও সার্বিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকছে ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
আয়োজক সূত্র জানায়, পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের কাজ চলছে। ভর্তি আবেদনের যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন প্রক্রিয়া এবং কেন্দ্রভিত্তিক বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা আয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, দেশের কৃষি ও কৃষিসংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবছর সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। একটি আবেদনের মাধ্যমে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকায় সারাদেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন