উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। মঙ্গলবার চীনের হুলুনবুইর সিটিতে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
এ নিয়ে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে জয় পেল বাংলাদেশ। এর আগে চাইনিজ তাইপেকে ৭-০ এবং পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়েছিল দলটি। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন শারিকা রিমন। প্রথম কোয়ার্টারের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার।
দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই শেষ কোয়ার্টারে মাঠে নামে বাংলাদেশ।
চতুর্থ কোয়ার্টারের শুরু থেকেই আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। ৪৬ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন লিমা। পাঁচ মিনিট পর, ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন শারিকা রিমন।
শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ বুধবার হংকং চায়নার বিপক্ষে। তবে এর আগেই টানা তিন জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন