২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য আনিসুর রহমানের (মাদারীপুর-৩) এক লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের মুসলমানদের সুবিধার কথা বিবেচনা করে ২০২৭ সালের হজ প্যাকেজের সম্ভাব্য ব্যয় ২০২৬ সালের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ কমিয়ে নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, হজ ব্যবস্থাপনা সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া। হজের মোট ব্যয়ের প্রায় ৭৫ শতাংশ সৌদি আরব অংশে এবং বাকি ২৫ শতাংশ বাংলাদেশ অংশে ব্যয় হয়। সৌদি অংশের মধ্যে মিনা ও আরাফাতে তাঁবু ভাড়া, স্থানীয় যাতায়াত, মিনা-মক্কা-মদিনায় আবাসন, কোরবানি, ভিসা ও স্বাস্থ্য বীমা ফি রয়েছে। আর বাংলাদেশের অংশের বড় একটি ব্যয় বিমান ভাড়া।
ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালে খাবারের খরচ বাদে সরকারের সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা। তবে ২০২৭ সালে হজযাত্রীদের সুবিধার জন্য প্যাকেজের সঙ্গে খাবারের খরচও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ব্যয় যুক্ত হয়েছে ৩৯ হাজার ৫০৮ টাকা।
এ ছাড়া মিনা ও আরাফাতের জন্য আগের সর্বনিম্ন ‘ডি-ক্যাটাগরি’ সেবা প্রত্যাহার করায় সৌদি অংশের ব্যয় আরও ৭০০ সৌদি রিয়াল বেড়েছে। প্রতি রিয়াল ৩৩ টাকা ২০ পয়সা হিসাবে এর পরিমাণ প্রায় ২৩ হাজার ২৪০ টাকা। বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের কারণেও ব্যয় বেড়েছে আরও ৩ হাজার ৮২৫ টাকা।
মন্ত্রী বলেন, এসব অতিরিক্ত ব্যয় এবং খাবারের খরচ যুক্ত করে আগের বছরের প্যাকেজ কাঠামো অপরিবর্তিত রাখা হলে ২০২৭ সালের সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য দাঁড়াত ৫ লাখ ৩৩ হাজার ৭৪০ টাকা।
তবে বিমান ভাড়া কমানোসহ বিভিন্ন খাতে ব্যয় সংকোচনের উদ্যোগ নেওয়ায় চূড়ান্ত খরচ কমানো সম্ভব হয়েছে। ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও কূটনৈতিক হস্তক্ষেপে হজ ফ্লাইটের বিমান ভাড়া আগের বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমানো সম্ভব হয়েছে।
তিনি বলেন, “হজ ফ্লাইটের ক্ষেত্রে বিমান ভাড়া একবারে ২৪ হাজার ৮৩০ টাকা কমানো বর্তমান সরকারের একটি যুগান্তকারী মাইলফলক।”
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে অন্যান্য স্থানীয় ও প্রশাসনিক খাতেও ব্যয় কমানো হয়েছে। ফলে নতুন বিভিন্ন খরচ যুক্ত হওয়ার পরও ২০২৭ সালের পুনর্নির্ধারিত সর্বনিম্ন হজ প্যাকেজের চূড়ান্ত মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন