স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিজেদের ভোটার এলাকা পরিবর্তন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী।
দলের মুখপাত্র আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ভোটার হয়েছেন। অপরদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন এলাকায় ভোটার হয়েছেন।
সোমবার এনসিপির মিডিয়া কমিটির সদস্য ইয়াসির আরাফাত এ তথ্য জানিয়েছেন।
দলীয় সূত্র জানায়, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেছিলেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তাদের আবেদন অনুমোদন করেছে।
আসিফ মাহমুদ ধানমন্ডি এলাকা থেকে ঢাকা উত্তর সিটির আওতাধীন আফতাবনগর এলাকায় ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী উত্তরা এলাকা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-৮ সংসদীয় আসনের আওতাধীন এলাকায় ভোটার হয়েছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হলেও ভোট দিতে পারেননি নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই সময় তিনি ওই এলাকার ভোটার ছিলেন না।
অন্যদিকে সংসদ নির্বাচনের আগে আসিফ মাহমুদ কুমিল্লা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-১০ আসনের ভোটার হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি ওই আসনে প্রার্থী হননি।
সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ঢাকার দুই সিটি করপোরেশনে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থী হতে সংশ্লিষ্ট আসনের ভোটার হওয়া বাধ্যতামূলক নয়। তবে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট এলাকার ভোটার হতে হয়।
স্থানীয় নির্বাচন সামনে রেখে গত ২ সেপ্টেম্বর ভোটার স্থানান্তরের জন্য পাঁচ দিন সময় দেয় নির্বাচন কমিশন। ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করার সুযোগ ছিল। এসব আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন