রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় নির্ধারিত নিরাপত্তাবেষ্টনীতে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মো. মহিবুল্লাহ মুবিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, গত শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তেজগাঁও থানাধীন কেআইবি মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় যোগ দিতে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিলেন।
পুলিশের অভিযোগ, এ সময় মহিবুল্লাহ মুবিন মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর নির্ধারিত নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে গাড়িবহরের দিকে প্রবেশের চেষ্টা করেন। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করেন। তার সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং অনুষ্ঠান বানচালের উদ্দেশ্যে অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে নিরাপত্তাবেষ্টনী এলাকায় প্রবেশের চেষ্টা করা হয়।
রিমান্ড আবেদনে পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে আসামির উদ্দেশ্য, তার সঙ্গে থাকা সহযোগীদের পরিচয় এবং তিনি কারও নির্দেশ বা প্ররোচনায় ঘটনাটি ঘটিয়েছেন কি না—এসব বিষয় তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি জব্দ করা মোটরসাইকেল, দুটি পাসপোর্ট ও দুটি মোবাইল ফোনের বিষয়ে তথ্য যাচাইয়ের কথাও জানানো হয়েছে।
তবে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, কোনো নাশকতার উদ্দেশ্যে নয়, আবেগতাড়িত হয়ে প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখা বা ছবি তোলার চেষ্টা করেছিলেন মুবিন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন