দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে ৬০ থেকে ৭০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধায় সেই চেষ্টা প্রতিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (বিজিবি-২০)-এর আওতাধীন দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ২৮৯/৫১-এস ও ২৮৯/৫৬-এস সীমানা পিলার থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ ভারতের অভ্যন্তরে নিচা গোবিন্দপুর এলাকায় ওই নারী-পুরুষেরা বিচ্ছিন্নভাবে অবস্থান করছিলেন।
দক্ষিণ দাউদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মইনুল ইসলাম জানান, কয়েকজন নারী-পুরুষকে দাউদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বিজিবি গ্রামবাসীর সহযোগিতায় ওই চেষ্টা প্রতিহত করে।
তিনি বলেন, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবি, গ্রাম পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছেন।
স্থানীয় বাসিন্দা মাহাফুজুর রহমান বলেন, “আমাদের জীবন থাকতে ভারতের কোনো মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে দেব না। প্রয়োজনে গ্রামবাসী লাঠি হাতে সারা রাত সীমান্ত পাহারা দেব।”
দাউদপুর বিজিবি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মাহাবুবুর রহমান বলেন, বিজিবির তৎপরতায় বিএসএফ একজনকেও বাংলাদেশে পাঠাতে পারেনি। এ সময় স্থানীয় গ্রামবাসীরাও বিজিবিকে সহযোগিতা করেন।
তিনি জানান, গ্রামবাসীর বাধার মুখে ভারত থেকে বাংলাদেশের দিকে আসা ওই লোকজন আর সামনে এগোতে পারেননি।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন