রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জাকারিয়া (৩৩) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলপুরের সরদার গলিতে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ইমরানের মাথায় গুলি লাগে। আর জাকারিয়ার বাম পা ও ডান হাতে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে জাকারিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে সাংবাদিকদের জাকারিয়া জানান, ৬ থেকে ৭ জন হেলমেট পরা ব্যক্তি এসে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় দুর্বৃত্তদের ‘ইমরান, দৌড় দিবি না’ বলে চিৎকার করতে শোনা যায়।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহত ইমরানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা গুলি চালিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে পুলিশের কয়েকটি দল ঘটনাটি তদন্তে কাজ করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন