বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে-স্কেল করার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনের লক্ষ্যে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে আলাদা বেতন কাঠামোর বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ১১ বছর পর নতুন পে-স্কেল হতে যাচ্ছে। তবে দীর্ঘ সময়ের মধ্যে মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয় করা হয়নি।
তিনি বলেন, ‘আগামী দিনে আমরা চিন্তা-ভাবনা করছি, যেভাবে বিচার বিভাগে আলাদা পে-স্কেল রয়েছে, তেমনিভাবে আমরাও একটি চিন্তা-ভাবনা করছি। তবে এত অল্প সময়ের মধ্যে এত বড় সিদ্ধান্ত নেওয়া একটি রাজনৈতিক সরকারের পক্ষে কঠিন। ইনশাআল্লাহ আমরা সেদিকে এগোবো।’
বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা নিয়ে পরিকল্পনা
বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা ও পেনশন নিয়ে ভোগান্তির বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা দীর্ঘদিন ভোগান্তির শিকার হয়েছেন এবং সরকার এ সমস্যা সমাধানে কাজ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের বিষয়ে ইতোমধ্যে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২৪ সালের ৮ আগস্ট পর্যন্ত ২০২১ সাল থেকে শিক্ষকদের বকেয়া নিজস্ব কন্ট্রিবিউশনের অংশ পরিশোধ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে যা করার, তা-ও ধাপে ধাপে করা হচ্ছে।
আগামী বাজেটগুলো পাওয়ার মাধ্যমে এ সমস্যার নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জাতীয় পে-স্কেলে শিক্ষকরাও অন্তর্ভুক্ত হবেন
বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করার বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও জাতীয় বেতন কাঠামোর সদস্য বলেন, শিক্ষকদের কল্যাণ এবং শিক্ষা খাতের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য।
তিনি বলেন, ‘আমাদের আওতাধীন শিক্ষকদের অন্তর্ভুক্ত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমরা অনুরোধ করেছিলাম এবং তারা অন্তর্ভুক্ত করেছে। এ বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপন জারি করা হবে।’
তিনি আরও বলেন, ‘একটা জিনিস নিশ্চিত যে জাতীয় বেতন স্কেলে শিক্ষকরা অন্তর্ভুক্ত হবেন। আমরা যা পাব, সরকারি কর্মচারীরা যা পাবেন, তারাও তাই পাবেন। এটা এখন পর্যন্ত আমি জানি।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন