বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি প্রাপ্তবয়স্ক নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বিদেশি মুদ্রা খরচ করতে পারবেন তারা। এতদিন এই সীমা ছিল ১২ হাজার ডলার।
রোববার এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো কোনো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে এক পঞ্জিকাবর্ষে বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নাগরিকদের ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার প্রকৃত চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে। তারা প্রাপ্তবয়স্কদের অনুমোদিত সীমার ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবে।
বার্ষিক ভ্রমণ ব্যয়ের সীমা বাড়ানো হলেও নগদ বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে আগের নিয়মই রাখা হয়েছে। অর্থাৎ, বিদেশ ভ্রমণের সময় নোট আকারে সর্বোচ্চ ৫ হাজার ডলার নেওয়া যাবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন