অনিয়ম ও ঋণ জালিয়াতির কারণে সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (৭ সেপ্টেম্বর)।
টাকা ফেরতের জন্য আবেদন গ্রহণ শুরু হয় ১ সেপ্টেম্বর। রোববার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত আবেদন করা যাবে। ব্যাংক সূত্র জানায়, প্রথম দিনেই প্রায় ১৮ হাজার গ্রাহক টাকা ফেরতের আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরতের দাবি এসেছে। এর মধ্যে মেয়াদি আমানত পুরোপুরি তুলে নিয়ে ব্যাংক ছাড়ার ‘এক্সিট’ আবেদন রয়েছে প্রায় ২৪৫ কোটি টাকার।
গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় গিয়ে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এতে হিসাবের মোট জমা, কত টাকা উত্তোলন করতে চান এবং উত্তোলনের কারণ উল্লেখ করতে হবে। পরে আবেদনগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং অর্থের সংস্থান সাপেক্ষে শাখার মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে।
প্রাথমিকভাবে শুধু ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ ফেরত দেওয়া হবে। আমানতের বিপরীতে অর্জিত মুনাফা পরবর্তীতে পরিশোধ করা হবে। তবে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে আপাতত টাকা উত্তোলনের সুযোগ পাবেন না।
এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে। দীর্ঘদিনের তারল্যসংকট ও অনিয়মের কারণে এসব ব্যাংক ২০২২ সাল থেকে অনেক আমানতকারীর চাহিদা অনুযায়ী টাকা ফেরত দিতে পারছিল না।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট জমা ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। অন্যদিকে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৯২ হাজার কোটি টাকা, যার প্রায় ৮৬ শতাংশ খেলাপি।
নতুন ব্যাংকের মোট মূলধন প্রায় ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে আমানত ফেরতের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও স্কিম সংশোধনের কারণে কার্যক্রম এক সপ্তাহ পিছিয়ে ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন