লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের প্রায় কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বাসাবাড়ি এলাকার আশক আলী ব্যাপারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে সোহেল হোসেন (৩২) নিজের ঘরে আগুন ধরিয়ে দিলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে যায়।
স্থানীয়রা জানান, সোহেল মাদকাসক্ত এবং মাদকের টাকা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো। রোববার ভোর সাড়ে ৪টার দিকে পারিবারিক বিরোধের একপর্যায়ে তিনি নিজের ঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে রায়পুর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুন দেওয়ার অভিযোগে সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, স্থানীয়দের গণপিটুনিতে তিনি আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। পাশাপাশি ঘটনার তদন্ত করা হচ্ছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূইঁয়া বলেন, পারিবারিক বিরোধের জেরে সোহেল নিজের ঘরে আগুন ধরিয়ে দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন ছড়িয়ে ১১টি পরিবারের ঘর পুড়ে যায়। স্থানীয়দের গণপিটুনিতে আহত সোহেলকে পুলিশ আটক করে হাসপাতালে ভর্তি করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন