২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজিকে হজ প্যাকেজের উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দিচ্ছে সরকার। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ১০ জন হাজির হাতে রিফান্ডের চেক তুলে দেওয়া হয়েছে। অন্য হাজিদের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় তিনটি পৃথক প্যাকেজে হজ অনুষ্ঠিত হয়। নির্ধারিত অর্থের তুলনায় কম খরচে বাড়িভাড়া সম্পন্ন হওয়া এবং আলোচনার মাধ্যমে সার্ভিস চার্জ কমানোয় যে অর্থ উদ্বৃত্ত হয়েছে, তা হাজিদের মধ্যে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভিন্ন প্যাকেজে রিফান্ডের পরিমাণ
হোটেল বুশরা আল দুররাতে অবস্থানকারী হাজিদের মধ্যে পূর্ণ প্যাকেজের প্রত্যেকে ৫৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের প্রত্যেকে ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা ফেরত পাবেন।
দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা এবং শর্ট প্যাকেজের সঙ্গে দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ৮০ হাজার ৫৭৫ টাকা ৭১ পয়সা পাবেন।
তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা এবং শর্ট প্যাকেজের সঙ্গে তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা ফেরত পাবেন।
বিভিন্ন বাড়িতে অবস্থানকারী হাজিদেরও আবাসনভেদে আলাদা অঙ্কের অর্থ ফেরত দেওয়া হবে।
হোটেল লুলুয়াত আল তাওহীদের সাধারণ প্যাকেজের হাজিরা ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা, শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা এবং দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬২ হাজার ৩৬১ টাকা ৭৯ পয়সা ফেরত পাবেন।
দুই সিট আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের হাজিরা ৭৮ হাজার ৭১৩ টাকা ৯৪ পয়সা, তিন সিট আপগ্রেডেশনের হাজিরা ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা ফেরত পাবেন।
হোটেল রাওদাত আল শুরুর সাধারণ প্যাকেজের হাজিরা ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা, শর্ট প্যাকেজের হাজিরা ১২ হাজার ১৭০ টাকা ১৫ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা ফেরত পাবেন।
অন্যদিকে, হোটেল মানার আল শুরুতে অবস্থানকারী হাজিরা প্রত্যেকে ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬ হাজার ২৪৯ টাকা ২৪ পয়সা করে ফেরত পাবেন।
সাধারণ প্যাকেজের আওতায় পাঁচ নম্বর বাড়ি বা হোটেল নম্বর ওয়ানে অবস্থানকারী পূর্ণ প্যাকেজের প্রত্যেক হাজি ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত পাবেন। এই প্যাকেজে শর্ট বা আপগ্রেডেশনের ব্যবস্থা ছিল না।
২৩ হাজি রিফান্ড পাবেন না
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ জন হাজির চিকিৎসা ব্যয় তাদের স্বাস্থ্যবিমার অর্থের চেয়ে বেশি হওয়ায় তারা কোনো রিফান্ড পাবেন না।
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান
প্রেস ব্রিফিংয়ে হাজিদের সতর্ক করে বলা হয়, রিফান্ড বা সরকারি সহায়তার অর্থ সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হয়। এ অর্থ পাঠানোর জন্য মন্ত্রণালয় থেকে কখনো ফোন করে ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর কিংবা বিকাশ, নগদ বা রকেটের পিন নম্বর চাওয়া হয় না।
এ ধরনের ফোন বা বার্তা পেলে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার জন্য হাজিদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন