র্যাবের পৃথক অভিযানে নীলফামারীর সৈয়দপুরে একটি পুরোনো ধাতব গ্রেনেড এবং কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল এস্কাফ জব্দ করা হয়েছে। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া গ্রামের আলতাফ আলীর (৫০) বাড়িতে অভিযান চালায় র্যাব-১৩। এ সময় বাড়ি থেকে প্রায় ৫ ইঞ্চি দীর্ঘ ও ৪৫০ গ্রাম ওজনের একটি কালো রঙের পুরোনো ধাতব গ্রেনেড উদ্ধার করা হয়।
পরে গ্রেনেডটি সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বাড়ির আশপাশে আরও কোনো গ্রেনেড বা বিস্ফোরক আছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
একই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার কাশীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল এস্কাফ জব্দ করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পশ্চিম অনন্তপুর গ্রামের মোস্তফা কামাল (৩৮), মোজাম্মেল হক (৪৩) ও হযরত আলী (২৯)।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসায়ী জাহিদ হাসানের সহযোগী হিসেবে কাজ করার কথা জানিয়েছেন। জাহিদ হাসান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এড়াতে বিভিন্ন বাড়িতে মাদক মজুত করতেন বলে র্যাব জানিয়েছে।
ভোর ৪টার দিকে পরিচালিত অভিযানে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দ আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্র-বিস্ফোরকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন