প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের ওসমানীনগরে বন্যাকবলিত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
‘মক্কা চুক্তি’ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের এ চুক্তিতে যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে।
১ হাজার ৫০০ পরিবারকে ত্রাণ
এর আগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সহায়তায় সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বন্যাকবলিত ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মুনমুন নাহার আশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড রাশেদ মোহাম্মদ নাসের আলেমইল আলজাবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের উদ্যোগে দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় প্রায় ১০ হাজার পরিবারের জন্য এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন