গুগল ফটোস ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও বাড়াচ্ছে গুগল। এখন থেকে জেমিনি স্পার্কের মাধ্যমে গুগল ফটোসের ছবি সম্পাদনা, অ্যালবাম তৈরি ও ছবি গোছানোর মতো বিভিন্ন কাজ করা যাবে।
গুগল জানিয়েছে, জেমিনি স্পার্ককে নির্দেশ দিয়ে গুগল ফটোসের ছবিগুলো আরও সহজে সাজানো যাবে। ব্যবহারকারীর পছন্দের ছবি বাছাই করে স্বয়ংক্রিয়ভাবে শেয়ারযোগ্য অ্যালবামও তৈরি করতে পারবে এটি।
শুধু ছবি ব্যবস্থাপনাই নয়, বিভিন্ন তথ্যভিত্তিক কাজও করতে পারবে জেমিনি স্পার্ক। কোনো অনুষ্ঠানের প্রচারপত্র বা পোস্টারের ছবি থেকে তথ্য সংগ্রহ করে সেটি ব্যবহারকারীর ক্যালেন্ডারে নির্ধারিত সময়সূচি হিসেবে যুক্ত করতে পারবে। একাধিক কাজকে একত্র করে নির্দিষ্ট কর্মপ্রবাহ তৈরির সুবিধাও থাকবে।
গুগল ফটোসের প্রধান শিমরিত বেন-ইয়ার বৃহস্পতিবার এক পোস্টে নতুন সুবিধাগুলোর কথা জানান। গুগল বলেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের যোগ্য ব্যবহারকারীদের জন্য এসব সুবিধা চালু করা হবে। প্রাথমিকভাবে সুবিধাগুলো শুধু ইংরেজি ভাষায় পাওয়া যাবে এবং জেমিনি এআই প্রো ও আল্ট্রা গ্রাহকেরাই এটি ব্যবহার করতে পারবেন।
তবে যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা কবে থেকে এই সুবিধা পাবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানায়নি গুগল।
ছবি ব্যবস্থাপনা সহজ করাই লক্ষ্য
বর্তমানে স্মার্টফোন ও অনলাইন স্টোরেজে অনেক ব্যবহারকারীর হাজার হাজার ছবি জমা থাকে। এসব ছবি আলাদা করে সাজানো, প্রয়োজনীয় ছবি খুঁজে বের করা কিংবা নতুন অ্যালবাম তৈরি করতে অনেক সময় ব্যয় হয়। গুগলের নতুন এআই সুবিধার লক্ষ্য এসব কাজ আরও সহজ ও দ্রুত করা।
তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এআইনির্ভর নতুন নতুন সুবিধা নিয়ে আলোচনা-সমালোচনাও রয়েছে। বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, সব ধরনের এআই সুবিধা ব্যবহারকারীদের জন্য সমানভাবে প্রয়োজনীয় নয়। তাই সাধারণ মানুষের দৈনন্দিন কাজে এআইকে আরও কার্যকরভাবে ব্যবহারের সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ।
যেভাবে ব্যবহার করবেন
জেমিনি স্পার্ক ব্যবহার করতে প্রথমে গুগল ফটোসকে জেমিনির সঙ্গে যুক্ত করতে হবে। এরপর জেমিনি অ্যাপের ওপরের কোণে থাকা স্পার্ক সুবিধা চালু করে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে। নির্দেশ অনুযায়ী জেমিনি স্পার্ক গুগল ফটোসের সংশ্লিষ্ট কাজগুলো সম্পন্ন করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন