জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধন করা হয়েছে ‘সুপারসেল কারবাজার’। উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ কারবাজারে প্রতি শুক্রবার একই স্থানে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার সুযোগ পাবেন ক্রেতা-বিক্রেতারা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘সুপারসেল কারবাজার’-এর উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান, উইজার্ড শোবিজের সিইও আরিফুজ্জামান রাসেল, আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীনসহ অটোমোবাইল খাতের বিশিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া আয়োজক প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, গাড়ি ব্যবসায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন গাড়ি ও বাইকিং কমিউনিটির সদস্যসহ সংশ্লিষ্ট অংশীজনেরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথি আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, ‘নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত যানবাহন এক ছাদের নিচে যাচাই করার সুযোগ এবং সহজ ফাইন্যান্সিং সুবিধার মাধ্যমে সুপারসেল কারবাজার ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি স্বচ্ছ ও সুবিধাজনক আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম হতে যাচ্ছে।’
আয়োজকরা জানান, আধুনিক ও নিরাপদ পরিবেশে গাড়ি কেনাবেচার জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে গাড়ির মালিক ও সম্ভাব্য ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে দেশের অটোমোবাইল বাজারকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে এ কারবাজার।
সুপারসেল কারবাজারের অন্যতম আকর্ষণ হলো গাড়ি কেনাবেচার পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি অটো লোন, গাড়ি ফাইন্যান্সিং ও অন্যান্য আর্থিক সুবিধা সম্পর্কে জানার সুযোগ। এতে গাড়ি কেনার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে মনে করছেন আয়োজকরা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এখন থেকে প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ আয়োজন।
আগ্রহী ক্রেতারা একই স্থানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখে নিজেদের পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, গাড়ি বিক্রি করতে ইচ্ছুক মালিক ও ব্যবসায়ীরা সম্ভাব্য ক্রেতাদের সামনে তাঁদের গাড়ি উপস্থাপন করতে পারবেন।
আয়োজকদের প্রত্যাশা, ‘সুপারসেল কারবাজার’ অল্প সময়ের মধ্যেই গাড়িপ্রেমী এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য রাজধানীর অন্যতম জনপ্রিয় অটোমোবাইল মার্কেটপ্লেস হিসেবে প্রতিষ্ঠিত হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন