হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর বাজারের একটি ইনডোর ফুটবল মাঠে বানিয়াগাঁও ও পশ্চিম জয়পুর এলাকার কয়েকজন যুবক খেলতে যান। খেলার একপর্যায়ে দুই যুবকের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরে বিষয়টি দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মিরপুর বাজারে জড়ো হন। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের সময় ট্রাকের হেডলাইট ও টর্চলাইট জ্বালিয়ে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় দেশীয় অস্ত্রও ব্যবহার করা হয়। সংঘর্ষের মধ্যে ট্রাকের চাপায় একজন আহত হন।
এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া সংঘর্ষের সময় কয়েকটি দোকান ভাঙচুরের অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে বাজার এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন